সৈয়দপুরে সৌদি সরকারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

ফাইল ছবি
১২ মার্চ ২০২৬, ০৪:২৯
নিউজ ডেস্ক
নীলফামারী: সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো খেজুর নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে এসব খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে খেজুরগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল মাবুদ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ জানান, উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও বৃদ্ধাশ্রমে মোট ১৬৪ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, স্বচ্ছতার সঙ্গে এসব খেজুর প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে সরাসরি তুলে দেওয়া হয়েছে এবং এ কাজে এবার জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়নি।









