রামিসা হত্যা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন শায়খ আহমাদুল্লাহ

ফাইল ছবি
২০ মে ২০২৬, ০৭:২৮
নিউজ ডেস্ক
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ নয়, মানুষ নয় তারা, নরপিশাচ।”
শায়খ আহমাদুল্লাহ বলেন, সমাজে ইসলামি মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাবের কারণেই এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
তিনি আরও বলেন, “এই ভয়াবহ পরিস্থিতি বন্ধ করতে হলে একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে, অন্যদিকে কঠোর আইনের শাসনও নিশ্চিত করতে হবে।”
এ ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে ইসলামি আইনের কার্যকর প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন তিনি। তার ভাষায়, কঠোর বিচার ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।
শিশু রামিসা হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর সতর্কবার্তা বলে উল্লেখ করেন শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করাও সময়ের দাবি।









