বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রায় ১১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে শুনানি করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ২০২৫ সালের ৩০ নভেম্বর তদন্ত শেষে একই কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। গত ৮ মার্চ আদালত চার্জশিট গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর ও ৫ কোটি ৭৪ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকা।
তদন্তে দেখা যায়, তার বৈধ আয়ের উৎস ছিল ৬ কোটি ৫৯ লাখ টাকার মতো। ব্যয় বাদ দিলে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ টাকার কাছাকাছি। ফলে প্রায় ১১ কোটি টাকার বেশি সম্পদ জ্ঞাত আয়ের বাইরে অর্জিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, এই অর্থের উৎস গোপন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।