বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের লালানগর এলাকায় তাদের বাড়িতে আনা হয় ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ।

মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারি আর শোকাহত মানুষের ঢলে পুরো এলাকায় নেমে আসে হৃদয়বিদারক পরিবেশ। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, স্থানীয় গাউছিয়া কমিটির সহায়তায় মরদেহগুলো গোসল করানো হচ্ছে। বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে চার ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন নিহতদের একমাত্র জীবিত ভাই।

এর আগে ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মরদেহ দেশে পৌঁছানোর পর রাঙ্গুনিয়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।