বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুফতি আমির হামজা কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোল ও বিক্ষোভের মুখে পড়েছেন। এ সময় তাকে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের সময় “সাধারণ শিক্ষার্থী” ব্যানারে একদল শিক্ষার্থী মাঠসংলগ্ন এলাকায় জড়ো হয়ে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকে। তারা সম্প্রতি কলেজ মাঠের পাশের চারা গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছিল।

মুফতি আমির হামজা মাঠে প্রবেশ করলে বিক্ষোভকারীরা তাকে ঘিরে স্লোগান দেয় এবং মাঠে বসে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ মোল্লা মো. রুহুল আমীন তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনেও অবস্থান নিয়ে বিক্ষোভ চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহায়তায় আমির হামজা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এ ঘটনায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যাডমিনের দেওয়া পোস্টে দাবি করা হয়, “ছাত্রদলের নেতাকর্মীরা” তাকে অবরুদ্ধ করে রেখেছিল। তবে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন, ঘটনাটি পরিকল্পিত এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, গাছ কাটার ঘটনার বিচার করা হবে এবং বিষয়টি “উপরমহলে” জানাবেন।

কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ গিয়ে তাকে অধ্যক্ষের কক্ষে দেখতে পায় এবং পরে তিনি নিরাপদে বের হয়ে যান। তবে “অবরুদ্ধ” করে রাখার অভিযোগ অস্বীকার করেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, গাছ কাটার প্রতিবাদকারীদের তালিকা করার হুমকি দেওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন বলেন, তারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছিলেন।

অন্যদিকে কলেজ শিবির সভাপতি ওয়াসকরুনী ফারাবি দাবি করেন, আগে থেকেই এমপির আগমন ঘিরে একটি পক্ষ বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নৈশপ্রহরীদের শোকজ করা হয়েছে।