বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। দেশের ১১টি জেলার ওপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এদিকে পবিত্র ঈদুল আজহার আর মাত্র এক সপ্তাহ বাকি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের সময়ও তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

তবে ২৬ মে থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তরিফুল নেওয়াজ কবির আরও বলেন, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চল এবং রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।