বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর স্বর্ণের দুল ছিনিয়ে পালানোর সময় সাহসিকতার সঙ্গে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করেছেন এক পুলিশ সার্জেন্ট।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন মো. কামাল (২৭) ও মো. মাসুদ (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এক নারীর কান থেকে মো. কামাল নামে এক ছিনতাইকারী স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকার শুনে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন।

ধাওয়ার একপর্যায়ে কামাল ও তার সহযোগী মাসুদ পুলিশ সার্জেন্টের পরনের প্যান্টে ব্লেড দিয়ে আঘাত করে প্যান্ট কেটে দেয়। তবে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান ওই সার্জেন্ট। পরে সহকর্মী এক পুলিশ কনস্টেবলের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

এ সময় ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুলও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।