বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর এ ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার।

ডোনাল্ড ট্রাম্প জানান, সম্ভাব্য এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

তবে চুক্তিটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের আলোচকদের মাধ্যমে চুক্তির শেষ ধাপের আলোচনা চলছে।

এ ছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও পৃথকভাবে কথা বলেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয় এখন আলোচনা করা হচ্ছে এবং শিগগিরই ঘোষণা দেওয়া হবে।”

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। পরে সাংবাদিকদের তিনি জানান, নতুন করে হামলা শুরুর খুব কাছাকাছি গিয়েও উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তা সাময়িকভাবে স্থগিত করেছেন।

এদিকে ট্রাম্পের এ বক্তব্য এমন সময় এলো, যখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে সফরটিকে “সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ” বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার বিষয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের অভিযোগ, অতীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র অন্তত দু’বার ইরানে সামরিক হামলা চালিয়েছিল।