অধ্যক্ষের ঘুসিতে কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভাঙার অভিযোগ

ফাইল ছবি
১৯ মে ২০২৬, ১১:১৭
নিউজ ডেস্ক
ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুসিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান গত বছরের কুরবানির পর তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত চাইলে অধ্যক্ষ দীর্ঘ ৬ থেকে ৭ মাস গড়িমসি করেন। একপর্যায়ে প্রায় তিন মাস আগে তিনি পাওনা টাকা পরিশোধ করেন। বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা জেনে গেলে অধ্যক্ষ ক্ষুব্ধ হন বলে দাবি করেন তিনি।
ওয়াহিদুজ্জামানের অভিযোগ, সোমবার বেলা ১১টার দিকে অধ্যক্ষ তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নেন। সেখানে টাকা ধার নেওয়ার বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করার একপর্যায়ে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে তার মুখে কয়েকটি ঘুসি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে এবং তিনি রক্তাক্ত জখম হন।
পরে আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
এদিকে অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার কথা স্বীকার করে বলেন, “আমি একটু উত্তেজিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এটা আমার ভুল হয়েছে। এজন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অভিযোগের বিষয়টি ফয়সালা করবেন।”









