রাজধানীর লালমাটিয়ায় ছাপচিত্র প্রদর্শনী উৎসব শুরু

ফাইল ছবি
০১ মে ২০২৬, ১০:৫২
নিউজ ডেস্ক
রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে শুরু হয়েছে মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী উৎসব। কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও ও কলাকেন্দ্র যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। শুক্রবার (১ মে) শুরু হওয়া এ উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। এ সময়ে আলাদা আলাদা শিরোনামে তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
ছাপচিত্রের দুই পথিকৃৎ শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম বিকেলে লালমাটিয়া ডি ব্লকের ৯/৩-এ কলাকেন্দ্রের নতুন ঠিকানায় এ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে দুটি প্রদর্শনী শুরু হয়। আরেকটি প্রদর্শনী শুরু হবে ১২ মে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী আবুল বারক আলভী। কিবরিয়া ছাপচিত্র স্টুডিওর পক্ষ থেকে বক্তব্য দেন শিল্পী ফারেহা জেবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী ওয়াকিলুর রহমান।
কলাকেন্দ্রের প্রথম তলায় “ছাপাই ছবির পথিকৃৎ” শীর্ষক প্রদর্শনীতে শিল্পী সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী ও মনিরুল ইসলামের শুরুর দিকের ছাপচিত্র প্রদর্শিত হচ্ছে। এটি চলবে ২৩ মে পর্যন্ত।
কলাকেন্দ্রের তৃতীয় তলায় শুরু হয়েছে “১৪তম কিবরিয়া ছাপচিত্র মেলা”, যেখানে দেশের ১৫টি ছাপচিত্র স্টুডিও অংশ নিচ্ছে। প্রয়াত শিল্পী সফিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ কিবরিয়ার শিল্পকর্মও এখানে প্রদর্শিত হচ্ছে। এই মেলা চলবে ৯ মে পর্যন্ত।
এছাড়া ১২ মে থেকে শুরু হবে “সমকালীন ছাপচিত্র প্রদর্শনী”, যা চলবে ২৩ মে পর্যন্ত। এ আয়োজনের লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে ছাপচিত্র শিল্পকে আরও পরিচিত করে তোলা।









