স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

ফাইল ছবি
২৪ মে ২০২৬, ১০:৩৩
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ রাজনীতি খবর
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যকে কেন্দ্র করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, যদি সৎ সাহস থাকে তাহলে সংশ্লিষ্ট ফাইল আগামীকালের মধ্যেই জনগণের সামনে প্রকাশ করা হোক।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় ফেসবুক লাইভে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী দাবি করেছেন যে সচিবের স্বাক্ষর ছাড়াই একজন উপদেষ্টা একটি ফাইল অনুমোদন করেছেন। তবে প্রশ্ন হচ্ছে—কোন ফাইলের কথা বলা হচ্ছে?
তিনি বলেন, প্রশাসনিক প্রক্রিয়ায় সাধারণত সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদনের পরই ফাইল মন্ত্রীর কাছে যায়। তবে সচিব অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিব বা সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ফাইল অনুমোদনের জন্য উপস্থাপন করেন।
তার ভাষ্য অনুযায়ী, মন্ত্রী বা উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা রয়েছে এবং সেটি আইন বা বিধির পরিপন্থি নয়।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিষয়টি আংশিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এতে এমন ধারণা দেওয়া হচ্ছে যেন কোনো নিয়ম না মেনে গোপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি বলেন, “যদি কোনো নির্দিষ্ট ফাইল নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সেটি প্রকাশ্যে আনা উচিত। আমি যে কোনো নির্দিষ্ট ফাইল নিয়ে ব্যাখ্যা দিতে প্রস্তুত আছি।”
এর আগে শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের সই ছাড়াই জোর করে একটি ফাইল অনুমোদন করেছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, “একটি ফাইল নোটিশে এসেছে। সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা নিজে সই করে অনুমোদন দিয়েছেন। এটি রুলস অব প্রসিডিউর ও রুলস অব বিজনেসের পরিপন্থি।”
তিনি আরও জানান, পিরোজপুরের অবকাঠামো উন্নয়ন ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং ওই ফাইল অনুমোদনের বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে।









