পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

ফাইল ছবি
২৪ মে ২০২৬, ১০:৩০
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ রাজনীতি খবর
ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই চত্বরে সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম এক ঘণ্টাব্যাপী একক অবস্থান কর্মসূচি পালন করেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
এ সময় কয়েকজন পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। পরে সংগঠনটির জেলা কমিটির নেতা রফিকুল ইসলাম শুভ এসে তার সঙ্গে সংহতি প্রকাশ করেন। তবে সংগঠনটির অন্য কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।
প্রতীকী অবস্থান শেষে সোহাগ মিয়া প্রীতম বলেন, ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।
তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা এ হামলায় জড়িত। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য লজ্জার বিষয়।”
তিনি অবিলম্বে হামলার ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানান।
এদিকে ঝিনাইদহের ঘটনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।
মামলার আসামিরা হলেন—ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আরও আটজন।
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।









