বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনার তেরখাদায় আলোচিত যমজ কন্যাশিশু হত্যা মামলায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাসুম বিল্লাহর সঙ্গে কনার বিয়ে হয়। ২০২১ সালের ডিসেম্বরে সিজারের মাধ্যমে যমজ কন্যাশিশুর জন্ম দেন তিনি। পরে বাবার বাড়িতে অবস্থানকালে স্বামীকে শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও তিনি আশ্বাস দিয়েই সময় পার করেন।

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি কনা পরিবারের সদস্যদের জানান, দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন ভোরে বাড়ির পুকুর থেকে যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুদের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলায় মাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।