সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু বাহিনীর সদস্য আটক

সংগৃহীত ছবি
১২ মার্চ ২০২৬, ০৪:২৮
নিউজ ডেস্ক
বাগেরহাট: সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করেছে মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত ডাকাত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
মজুদকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মোংলার কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্যু ওসমান গণিকে আটক করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”









