লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফাইল ছবি
০৯ মে ২০২৬, ০২:১৫
নিউজ ডেস্ক
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণ–এর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে চুনতি ইউনিয়ন এলাকার হোটেল ফোর সিজনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী বাসটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আরও তিনজন মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









