৯০০ গোলের অপেক্ষা বাড়ল মেসির

সংগৃহীত ছবি
১৩ মার্চ ২০২৬, ০১:০৯
নিউজ ডেস্ক
ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার সামনে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। সামনে ছিল তার পছন্দের প্রতিপক্ষ ন্যাশভিল এসসি। তাই অনেকেই আশা করেছিলেন, CONCACAF Champions Cup–এর এই ম্যাচেই হয়তো নতুন ইতিহাস গড়বেন আর্জেন্টাইন তারকা। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।
শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। ফলে দুই লেগের লড়াইয়ের নিষ্পত্তি এখন গড়াবে ফিরতি ম্যাচে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৯৯ গোল নিয়ে ম্যাচটি শুরু করেছিলেন মেসি। তবে এই ম্যাচে গোল না পাওয়ায় আপাতত সেই সংখ্যাতেই থেমে আছেন তিনি।
ন্যাশভিলের বিপক্ষে এর আগে দুর্দান্ত রেকর্ড ছিল মেসির। এই ম্যাচের আগে তাদের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি। ওই সময়ের মধ্যে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও পাঁচটি গোল।
তবে এবার তাকে অনেকটাই আটকে রাখতে পেরেছে ন্যাশভিলের রক্ষণভাগ। ম্যাচজুড়ে মেসির তেমন সুযোগও তৈরি হয়নি। তার একমাত্র উল্লেখযোগ্য প্রচেষ্টা আসে ৫৬তম মিনিটে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে নেওয়া তার কোণাকুণি শটটি ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।
দীর্ঘ সময় বল দখলে রাখলেও আক্রমণে কার্যকর হতে পারেনি ইন্টার মায়ামি। ম্যাচে ৫৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও গোলে মাত্র পাঁচটি শট নিতে পারে দলটি। তবে লক্ষ্যে ছিল কেবল মেসির সেই একটিই।
গত বছরের ২৯ নভেম্বরের পর প্রথমবারের মতো এত কম শট লক্ষ্যে রাখতে পারলেন মেসি। নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে সেই ম্যাচে তার কোনো শটই লক্ষ্যে ছিল না, যদিও সেদিন একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।
শেষ ষোলোর এই লড়াইয়ের ভাগ্য এখন নির্ধারিত হবে দ্বিতীয় লেগে। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে আবার মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচেও যদি সমতা থাকে, তবে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। এরপরও ফল না এলে টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।









