২০২৮ সাল পর্যন্ত ফ্লিকের সঙ্গে বার্সার নতুন চুক্তি

ফাইল ছবি
১৯ মে ২০২৬, ১১:২৬
নিউজ ডেস্ক
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিকের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ।
ফ্লিকের সঙ্গে বার্সেলোনার চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। নতুন চুক্তিতে ২০২৮ সালের পর আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
আগের চুক্তি অনুযায়ী, ফ্লিকের বার্সেলোনায় থাকার কথা ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে দুই পক্ষের সম্মতিতে নতুন করে আরও এক বছর যুক্ত করা হয়েছে।
চুক্তি নবায়নের পর ফ্লিক বলেন, বার্সেলোনায় থাকতে পেরে তিনি আনন্দিত এবং এটিকে নিজের জন্য উপযুক্ত জায়গা বলেই মনে করেন।
২০২৪ সালে জাবি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হয়ে বার্সেলোনার দায়িত্ব নেন হান্সি ফ্লিক। এরপর থেকেই দলকে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন তিনি। তার অধীনে এখন পর্যন্ত ছয়টি ঘরোয়া শিরোপার মধ্যে পাঁচটিই জিতেছে বার্সা। পাশাপাশি টানা দুই মৌসুমে লা লিগা শিরোপাও জিতিয়েছে দলকে।
তবে এখনও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে পারেননি ফ্লিক। ২০১৫ সালের পর আর ফাইনালেই উঠতে পারেনি বার্সেলোনা। গত মৌসুমে ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে হারের পর এবার কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছেও বিদায় নিতে হয়েছে দলটিকে।
ফ্লিক জানিয়েছেন, নতুন চুক্তি তাকে এবং দলকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে বার্সেলোনাকে আবারও ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি।









