দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

সংগৃহীত ছবি
১৩ মার্চ ২০২৬, ০১:০৪
নিউজ ডেস্ক
ডেস্ক রিপোর্ট:
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে কখনো খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
নিলামে তাকে এক লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার সমান। এর মধ্য দিয়ে দ্য হান্ড্রেডে খেলতে যাওয়া প্রথম বাংলাদেশি পেসার হিসেবেও নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে ওঠে মোস্তাফিজের নাম। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায় কেবল বার্মিংহাম ফিনিক্স। অন্য কোনো দল বিড না করায় সহজেই ৩০ বছর বয়সী এই পেসারকে দলে ভেড়ায় তারা।
চলতি বছরের ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর। এবারই প্রথম আগের ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে নিয়েছে আয়োজকরা। সেই নিলামেই সুযোগ পেয়ে গেলেন মোস্তাফিজ।
নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের তালিকায় থাকা এই লেগ স্পিনারের নাম প্রথম ধাপেই উঠলেও শেষ পর্যন্ত কোনো দল তাকে দলে নেয়নি।
এর আগে গত নভেম্বরে ভারতের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে বিতর্কিতভাবে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে আলোচনা তৈরি হয়।
এদিকে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) সুযোগ পেয়েছেন এই বাঁহাতি পেসার। প্রায় ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে তার সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজ। এবার দ্য হান্ড্রেডে দল পাওয়ায় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ব্যস্ততা আরও বাড়ল। বাংলাদেশের এই অভিজ্ঞ পেসারের নতুন এই অধ্যায় ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।









