বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের টিকিটমূল্য ঘোষণা

ফাইল ছবি
২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬
নিউজ ডেস্ক
বাংলাদেশ–নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিসিবি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা, পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা করে।
এছাড়া সর্বোচ্চ ২৫০০ টাকায় চারটি ভেন্যু থেকে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন। সেগুলো হলো— পূর্ব পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পূর্ব পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড এবং পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন ইন্ড।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৬ রানে জয় পায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে ১৯৮ রান করে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ৩৫.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
এ ম্যাচে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতে ১২০ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। অন্যদিকে বল হাতে নাহিদ রানা ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান।
ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।









