নাহিদের গতিতে মুগ্ধ হাবিবুল বাশার

সংগৃহীত ছবি
১৩ মার্চ ২০২৬, ০১:০২
নিউজ ডেস্ক
ডেস্ক রিপোর্ট:
মিরপুরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গতির ঝড় তুলেছিলেন তরুণ পেসার নাহিদ রানা। তার সেই বিধ্বংসী বোলিং স্পেলে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদের পারফরম্যান্সকে দলের জন্য বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
নাহিদ রানার বোলিংয়ে সন্তুষ্টি প্রকাশ করে হাবিবুল বাশার বলেন, “নাহিদ দারুণ বোলার। সে উইকেট পেয়েছে, ভালো বল করেছে। আমাদের একজন পেসার ব্যাটারদের পেছনের পায়ে ঠেলে দিচ্ছে—এটা দেখতে পাওয়া ভীষণ আনন্দের ব্যাপার।”
তিনি মনে করেন, মিরপুরের চিরাচরিত উইকেটে একজন পেসার যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, তা সচরাচর দেখা যায় না।
পরবর্তী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুফল এখন থেকেই পাওয়া যাচ্ছে বলেও মনে করেন এই নির্বাচক। বাশার বলেন, “পরের বিশ্বকাপের জন্য যে পরিকল্পনা করে বাংলাদেশ এগোচ্ছে, তাতে মৌসুমের প্রথম ম্যাচটি খুব ভালো কাটল। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও ভালো হয়েছে। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা।”
মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা থাকলেও নাহিদ রানা সেই ধারণা বদলে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। বাশার বলেন, “নাহিদের মতো এমন স্পেল সবসময় দেখা যায় না। পাকিস্তান মোটেই খারাপ দল নয়। তাদের দলে নতুন খেলোয়াড় থাকলেও তারা সবাই প্রতিভাবান। মূলত নাহিদের ওই বিধ্বংসী স্পেলই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।”
নাহিদ রানার ৫ উইকেটের সুবাদে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। পরে বাংলাদেশ ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।









