শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

ডেস্ক রিপোর্ট:
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর এবারের নিলামে দল পাননি বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফটে তাকে নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। ফলে এবারের আসরে অবিক্রিতই থেকে গেছেন এই তরুণ স্পিনার।

নিলামে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১২ লাখ টাকার সমান। স্পিনারদের ক্যাটাগরিতে তার সঙ্গে একই তালিকায় ছিলেন উসমান তারিক ও আকিল হোসেনের মতো তারকারা।

রিশাদের ওপর কোনো দল বিড না করলেও ভাগ্য খুলেছে পাকিস্তানের স্পিনার উসমান তারিকের। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ১ লাখ ৪০ হাজার পাউন্ড খরচ করে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।

এদিকে কেবল রিশাদই নন, এবারের নিলামে দল পাননি পাকিস্তানের অভিজ্ঞ দুই ক্রিকেটার হারিস রউফ ও শাদাব খান। কোনো ফ্র্যাঞ্চাইজিই তাদের নিয়ে আগ্রহ দেখায়নি। অন্যদিকে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি নিলাম শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন।

বাংলাদেশের ক্রিকেটভক্তদের প্রত্যাশা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা রিশাদ হোসেনকে ইংল্যান্ডের কন্ডিশনে দেখা যাবে। তবে নিলামে ভাগ্য সহায় না হওয়ায় এবারের আসরে তাকে দেখা যাবে না।