সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

সংগৃহীত ছবি
১৩ মার্চ ২০২৬, ০১:০৬
নিউজ ডেস্ক
স্পোর্টস ডেস্ক: পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা।
ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং খেলা শুরু হবে দুপুর সোয়া দুইটায়। সরাসরি সম্প্রচার করবে T Sports।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ রয়েছে স্বাগতিকদের সামনে।
দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামেই সময় কাটিয়েছে দুই দল। বৃহস্পতিবার কোনো দলই অনুশীলনে নামেনি। টিম মিটিং ও কৌশলগত পরিকল্পনা নিয়েই ম্যাচের প্রস্তুতি নিয়েছে উভয় দল।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথম ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,
“এটা ছিল দুর্দান্ত শুরু। অনেকদিন পর আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তবে সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে। আশা করি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারব। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে বাংলাদেশ সফরে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।
তবে প্রথম ম্যাচে অনভিজ্ঞতার ছাপ ছিল পাকিস্তানের পারফরম্যান্সে। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন,
“আমরা যেভাবে সিরিজ শুরু করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। তবে এখনো দুটি ম্যাচ বাকি আছে এবং আমরা সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী। এটি তরুণ দল এবং আমি শেষ পর্যন্ত তাদের সমর্থন করব।”
সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। অন্যদিকে বাংলাদেশ চাইবে এই ম্যাচ জিতেই সিরিজের ভাগ্য নির্ধারণ করে ফেলতে।









