ইরান যুদ্ধের প্রতি সমর্থন কমছে মার্কিনিদের

ফাইল ছবি
১৯ মে ২০২৬, ১১:৩৬
নিউজ ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা—দুই ক্ষেত্রেই মার্কিন জনগণের সমর্থন কমে যাচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত ওই জরিপে মাত্র ৩০ শতাংশ উত্তরদাতা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে সমর্থন করেছেন। অন্যদিকে ৬৪ শতাংশ জানিয়েছেন, তারা এই যুদ্ধের বিরোধিতা করেন।
জরিপে আরও দেখা গেছে, ৫৭ শতাংশ মার্কিন নাগরিক ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন। বিপরীতে, ৩৭ শতাংশ এ সহায়তার পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপে দেখা গিয়েছিল, গাজা যুদ্ধের শুরুর দিকে অতিরিক্ত সামরিক সহায়তা ইসরাইলকে দেওয়ার পক্ষে ছিলেন ৫১ শতাংশের বেশি মার্কিন ভোটার।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করে। এর পাল্টা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পরে এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যদিও মাঝেমধ্যে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে, তবুও যুদ্ধবিরতি মোটামুটি বহাল রয়েছে।
তবে আলোচনা প্রক্রিয়া অচলাবস্থায় থাকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তেহরানে হামলার হুমকি দিয়ে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।









