বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে সমালোচনা থাকলেও তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “অনেকে বলছে এই যুদ্ধ জনগণের কাছে অজনপ্রিয়। কিন্তু আমি মনে করি, যখন মানুষ বুঝবে এর সঙ্গে পারমাণবিক অস্ত্রের সম্পর্ক রয়েছে, তখন তারা এটিকে সমর্থন করবে।”

তিনি আরও বলেন, “এমন ভয়াবহ অস্ত্র দিয়ে লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরও ধ্বংস করা সম্ভব। জনপ্রিয় হোক বা না হোক, আমাকে এটা করতেই হবে। আমি আমার শাসনামলে বিশ্বকে ধ্বংস হতে দেব না।”

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তৈরি হওয়া রাজনৈতিক চাপকেও তেমন গুরুত্ব দেননি ট্রাম্প। তিনি বলেন, “তেলের মূল্যবৃদ্ধি সাময়িক বিষয়। বিশ্ববাজারে এখনো প্রচুর তেল রয়েছে।”

তবে মার্কিন নাগরিকদের একাংশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক জরিপে দেখা গেছে, দেশটির ৭৭ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের যুদ্ধ ও পররাষ্ট্রনীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং সাধারণ মানুষের কষ্ট বাড়ছে।