বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

খরচ কমানোর জন্য কোনো প্রতিষ্ঠান ইচ্ছামতো কর্মী ছাঁটাই করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে পারবে না—এমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছে চীনের একটি আদালত।

ঘটনাটি ঘটে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে, যেখানে এক কর্মীকে চাকরি থেকে বাদ দিয়ে তার স্থানে ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা এআই প্রযুক্তি ব্যবহার শুরু করা হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল ব্যয় কমানো। তবে ক্ষতিগ্রস্ত কর্মী আদালতে গেলে বিচারক কোম্পানির এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।

রায়ে আদালত স্পষ্টভাবে জানায়, শুধুমাত্র খরচ কমানোর উদ্দেশ্যে মানুষের পরিবর্তে এআই ব্যবহার করে কাউকে চাকরি থেকে সরানো যাবে না। প্রযুক্তির উন্নয়নকে স্বাগত জানালেও তা যেন শ্রমিকের মৌলিক অধিকার ক্ষুণ্ন না করে—এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে অনেক কর্মীর মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে প্রযুক্তি ও কর্পোরেট খাতে। এই প্রেক্ষাপটে আদালতের এই রায় শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

রায়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বিশ্লেষণী মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে প্রযুক্তি ও কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য রক্ষায় এটি একটি নজির হিসেবে কাজ করতে পারে।