বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে ২০ বাংলাদেশি শিশু। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে হস্তান্তর করা হয়।

ফেরত আসা শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে। তারা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অধিকাংশ শিশু তাদের মা-বাবার সঙ্গে ভারতে গিয়েছিল এবং পরে বিভিন্ন মামলায় আটক হয়ে কারাভোগ করে। শিশুদের সাজা শেষ হলেও তাদের অনেকের মা-বাবা এখনো ভারতের বিভিন্ন কারাগারে রয়েছেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ আটক করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠায়। সাজা শেষে পশ্চিমবঙ্গের কয়েকটি শেল্টার হোমে রাখা হয়েছিল শিশুদের।

ভারতের কলকাতা উপ-হাইকমিশনের ট্রাভেল পারমিট ও এফআরআরও এক্সিট পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। বিজিবি, বিএসএফ ও দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।