সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি
২৯ মে ২০২৬, ১০:৪৮
নিউজ ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে ভানুগাছ স্টেশনের অদূরে লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় তেলবাহী ট্রেনের ব্যবহৃত একটি ওয়াগন লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী দল রাত সাড়ে ৮টার দিকে ওয়াগনটি সরিয়ে নিলে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, লাইনচ্যুত ওয়াগনটি শমসেরনগরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীবাহী ট্রেনগুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
এর আগে দুর্ঘটনাকবলিত তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস জানান, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে আসার পর লাউয়াছড়া উদ্যানে প্রবেশের কিছুক্ষণ পর ধোঁয়া দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে লোকোমাস্টারকে জানানো হলে তিনি ট্রেন থামান।
পরে পরীক্ষা করে দেখা যায়, ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনটিতে কোনো তেল ছিল না বলে জানান তিনি।









