বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানাজা শেষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উপস্থিত কয়েকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা নামাজ শেষে একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে ১৫ থেকে ২০ জনকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহবাহী গাড়ি যাতে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু জানাজা শেষে কিছু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয় এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সংখ্যা জানাতে পারেননি তিনি। যাচাই-বাছাই শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান।

আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না—এমন প্রশ্নের জবাবে এডিসি জিসানুল হক বলেন, “বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে, তাদের আটক করা হয়েছে। তবে যদি কোনো সাধারণ মানুষ আটক হয়ে থাকেন, যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, জানাজা শেষে স্লোগান ও মিছিলের কারণে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।