বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

ফাইল ছবি
০১ জুন ২০২৬, ০৯:৪১
নিউজ ডেস্ক
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ জুন শুরু হচ্ছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১ জুন) জানানো হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৮ থেকে ১১ জুন পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
সীমান্তে বিভিন্ন সাম্প্রতিক ইস্যুর প্রেক্ষাপটে এবারের সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি সীমান্ত এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত এলাকায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে কিছু লোকজনকে জড়ো করার খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও পুশ-ব্যাকের চেষ্টা, কাঁটাতারের বেড়া নির্মাণ, নো ম্যানস ল্যান্ডে স্থাপনা নির্মাণের উদ্যোগসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় আসবে।
এ ছাড়া সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।









