বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইরান আরও ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো এবং স্থায়ীভাবে সংঘাতের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, চুক্তিটি কার্যকর করতে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। বিশ্লেষকদের মতে, এ সমঝোতা কার্যকর হলে কয়েক সপ্তাহ ধরে স্থবির হয়ে থাকা কূটনৈতিক প্রচেষ্টায় বড় অগ্রগতি হবে।

মার্কিন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার বিস্তারিত বিষয় এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ৬০ দিনের এই সময়সীমা আলোচনার চূড়ান্ত সময়সীমা কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। কারণ বর্তমানে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালীনভাবেই বহাল রয়েছে।

সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবাধ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একইসঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালি ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত হওয়ায় এটি যৌথভাবে পরিচালিত হওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের যেকোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থার বিরোধিতা করে আসছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করেছিল। বৃহস্পতিবারও উভয় পক্ষ সীমিত পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।