বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানি সাশ্রয়, আমদানি কমানো ও স্বর্ণ কেনা সীমিত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরদিনই বড় ধাক্কা খেল দেশটির শেয়ারবাজার ও মুদ্রাবাজার।

সোমবার এনএসই নিফটি-৫০ সূচক ১.৪৯% কমে দাঁড়িয়েছে ২৩,৮১৫ পয়েন্টে। অন্যদিকে বিএসই সেনসেক্স প্রায় ১,২৭৬ পয়েন্ট হারিয়ে নেমেছে ৭৬,০১৫ পয়েন্টে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে দাঁড়িয়েছে ইতিহাসের সর্বনিম্ন ৯৫.৩১ রুপিতে।

বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও আমদানি ব্যয়ের ওপর চাপ তৈরি হয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৪ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের উচ্চমূল্য ও বৈশ্বিক অনিশ্চয়তা ভারতীয় অর্থনীতির জন্য নতুন চাপ তৈরি করছে। এর প্রভাব পড়েছে তেল, ব্যাংকিং, ভ্রমণ ও জুয়েলারি খাতের শেয়ারে। ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, রিলায়েন্স, টাইটানসহ বড় কোম্পানির শেয়ারদর উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবে মন্দার মধ্যেও কিছু প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। হুন্দাই মোটর ইন্ডিয়ার শেয়ার বেড়েছে ২.৮% এবং ইউপিএল-এর শেয়ার বেড়েছে ৩.৬%।

সূত্র: ডন