শত্রুর ‘পরিপূর্ণ পরাজয়’ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

সংগৃহীত ছবি
১২ মার্চ ২০২৬, ০৪:০৫
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক:
শত্রুর ‘পরিপূর্ণ পরাজয়’ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, ইরানের ওপর থেকে যুদ্ধের ছায়া দূর না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে। এর অংশ হিসেবে কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে একযোগে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, ওই হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের আল-জাবের ও আল-মুবারক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিউরিং ঘাঁটি আগে আদিরি নামে পরিচিত ছিল এবং এটি কুয়েতের উত্তরাঞ্চলে অবস্থিত।
এ ছাড়া কুয়েতের দুটি নৌঘাঁটি—মোহাম্মদ আল আহমদ ও আলী আল সালেম—এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট, মার্কিন সেনাদের আবাসন এবং সরঞ্জাম গুদামেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
অন্যদিকে বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এই বাহিনী।
বিবৃতির শেষাংশে আইআরজিসি জানায়, “আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় নিশ্চিত করতে চাই। ইরানের ওপর থেকে যুদ্ধের ছায়া অপসারিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”
সূত্র: বিবিসি।









