শিরোনাম:
রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

ফাইল ছবি
৩১ আগস্ট ২০২৬, ১২:৫২
নিউজ ডেস্ক
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিপন জানান, গোলাগুলির ঘটনার খবর তারা পেয়েছেন। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে।
তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।









