শিরোনাম:
সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

ফাইল ছবি
২৮ আগস্ট ২০২৬, ০৩:১১
নিউজ ডেস্ক
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয়রা অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয় বাংলাদেশির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।
বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় মরদেহগুলো রাত দেড়টার দিকে আত্রাইয়ে পৌঁছায়। শুক্রবার সকালে জানাজা শেষে সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন।
নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে জানিয়ে সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত অন্য বাংলাদেশিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলছে।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী, নিহত সাত বাংলাদেশি হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়। প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার পর স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। জানাজায় অংশ নেওয়া স্থানীয়রা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।









