রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গণসচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রতিটি এলাকায় সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন।

১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার অনুমোদন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে।

তিনি বলেন, সম্মিলিত সহযোগিতা ছাড়া এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

২৫১ শয্যার হাসপাতালের দাবি

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ২৫১ শয্যায় উন্নীত করা প্রয়োজন।

পরে ক্যাম্পে ১৩টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। তারা দরিদ্র, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করেন। একই সঙ্গে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।