শিরোনাম:
যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডের নারী আসামি উধাও

ফাইল ছবি
২৭ আগস্ট ২০২৬, ০৯:৩০
নিউজ ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পলাতক ওই আসামির নাম মিতু আক্তার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কৌশলে তিনি থানা থেকে বেরিয়ে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মিতু আক্তারকে আদালতের আদেশে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের শেষ দিন বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা ছিল। তবে সকালে থানা থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
পুলিশের দাবি, নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে মিতু থানা থেকে বেরিয়ে যান। কীভাবে তিনি থানার গেটের তালা খুলে বের হলেন এবং ওই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, মিতু নামে এক নারী আসামিকে হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগকে কাজে লাগিয়ে ওই নারী কৌশলে থানা থেকে পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান।
মিতুকে গ্রেপ্তারে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানান এডিসি। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই তাকে আবারও গ্রেপ্তার করা সম্ভব হবে।
এদিকে, পুলিশ হেফাজত থেকে একজন রিমান্ডের আসামি কীভাবে পালিয়ে গেলেন এবং এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিস্তারিত আসছে...









