‘প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে অশ্লীলতা, দায়ীদের বিচার চাই’—শফিকুর রহমান

ফাইল ছবি
০১ মে ২০২৬, ১২:১১
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি দিয়ে মিথ্যা প্রচার চালানোদের বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তাদের বিচার চাই। প্রধানমন্ত্রী বিচার না চাইলেও আমি বিচার চাই। প্রধানমন্ত্রীর মেয়ে আমাদেরও মেয়ে।”
বিরোধীদলীয় নেতা আরও বলেন, তিনি দোষারোপের রাজনীতি করতে চান না। বরং নিরপেক্ষভাবে দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ট্রেজারি বেঞ্চ থেকে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কার কথা বলা হলেও নির্বাচনের আগে দেওয়া কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি জানতে চান, সেই সমঝোতাগুলো এখনও বহাল আছে কি না।
শফিকুর রহমান বলেন, অতীতের সব অপরাধের বিচার হওয়া উচিত। গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনার বিচার নিশ্চিত না হলে তা জাতির জন্য নেতিবাচক বার্তা বহন করবে বলে মন্তব্য করেন তিনি।
সরকার কৃষকদের প্রতি যথাযথ মনোযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার সাহস করে প্রকল্পটি বাস্তবায়ন শুরু করলে দেশের জনগণ তা সমর্থন করবে।









