বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় তিনি ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন।

দুপুর ১২টায় ত্রিশালে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সফরের অংশ হিসেবে বিকেলে ত্রিশাল নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে দীর্ঘদিন পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী নজরুল জয়ন্তীকে ঘিরে ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে বসেছে মেলা। পাশাপাশি একই মাঠের নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।