বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে।

সংবাদমাধ্যমকে বেসেন্ট বলেন, তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ তিনি নিশ্চিত নন। তবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করলে সম্ভবত নতুন করে বড় ধরনের সামরিক অভিযান বা ‘কাইনেটিক’ পদক্ষেপের প্রয়োজন হবে না। ‘কাইনেটিক’ শব্দটি ব্যবহার করে তিনি সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বোঝান।

আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন বলেও জানিয়েছেন বেসেন্ট।

তিনি আরও বলেন, এই পদক্ষেপ ইরানে কার্যকর হবে এবং ‘এই শাসনের পতন ঘটবে’। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র ও বিশ্বের অন্যান্য দেশকে ইরান ইস্যুতে নিজেদের অবস্থান নির্ধারণের আহ্বান জানান তিনি।

ইরানের সঙ্গে ব্যবসা করা চীনকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, এ ধরনের অনেক আলোচনা প্রকাশ্যে না করে ব্যক্তিগতভাবে করাই ভালো।

তিনি আরও উল্লেখ করেন, চীনের জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশ উপসাগরীয় অঞ্চল থেকে আসে। তাই ইরান ইস্যুতে চীনের যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান নেওয়াই দেশটির জন্য ভালো হবে বলে মন্তব্য করেন মার্কিন অর্থমন্ত্রী।

তথ্যসূত্র: দ্য ডন