শিরোনাম:
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করল মার্কিন আদালত

ফাইল ছবি
২২ আগস্ট ২০২৬, ০৩:৩০
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার দেওয়া রায়ে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি বলে উল্লেখ করেন তিনি।
রায়ে বিচারক বলেন, শুধু আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট শ্রেণির অভিবাসী ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।
চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া ওই নীতির কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হন। একইভাবে ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ, বসনিয়া ও আলবেনিয়াসহ বলকান অঞ্চলের দেশ এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের ভিসা আবেদনকারীরাও এর আওতায় পড়েন।
স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তখন দাবি করা হয়েছিল, এসব দেশের অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার বা ‘পাবলিক চার্জ’ হওয়ার ঝুঁকি বেশি।
তবে আদালত ওই নীতি বাতিল করে দেওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
অভিবাসী অধিকার রক্ষাকারী দুটি সংগঠন এবং নির্ধারিত দেশগুলোর নাগরিক ও তাদের স্বজনদের জন্য ভিসার আবেদনকারী কয়েকজন মার্কিন নাগরিকের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়ে আসছেন। গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
অভিবাসী অধিকার সংগঠনগুলো ওই নীতির সমালোচনা করে বলেছিল, এটি বাকস্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন করেছে এবং জাতিগত বৈষম্যের আশঙ্কাও তৈরি করেছে।
সূত্র: বিবিসি বাংলা









