শিরোনাম:
নতুন যুদ্ধ শুরু হলে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে ইরান

ফাইল ছবি
২০ আগস্ট ২০২৬, ০২:১৫
নিউজ ডেস্ক
আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আগের তুলনায় আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে ইরান।
মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোহেবি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলো আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বেশি ধ্বংসক্ষম। নতুন কোনো যুদ্ধ শুরু হলে ইরানের ব্যবহৃত অস্ত্র ও সামরিক সক্ষমতা আগের তুলনায় ‘সম্পূর্ণ ভিন্ন’ হবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের আইআরজিসি কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনের গোপন আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছিলেন মোহেবি। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, তাদের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না।
ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় মোহেবি বলেন, “ট্রাম্পের কল্পনা যুদ্ধক্ষেত্রে তাকে কোনো সহায়তা করবে না।”
তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে বাস্তবসম্মত একমাত্র পথ হলো পরাজয় মেনে নেওয়া এবং ইরানের নির্ধারিত শর্ত মেনে চলা।
এদিকে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। আলোচনার অগ্রগতি থমকে যাওয়ার পাশাপাশি ইরান নতুন করে সংঘাত শুরু হলে আরও আক্রমণাত্মক অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছে।
গত জুলাইয়ে আইআরজিসির আরেক বক্তব্যে বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি ও নির্ভুলতা বৃদ্ধি করেছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি









