বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বাজারের অস্থিরতা কমাতে সংস্থাটির ৩২টি সদস্য দেশ তাদের জরুরি মজুদ থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (১১ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়।

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল প্যারিসে এক ভাষণে বলেন, এটি একটি বড় পদক্ষেপ, যা তাৎক্ষণিকভাবে বাজারের সংকট কিছুটা লাঘব করবে। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়া জরুরি।

ইতোমধ্যে জার্মানিঅস্ট্রিয়া তাদের জাতীয় মজুদ থেকে তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, তাদের আমদানিকৃত তেলের প্রায় ৭০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে আসে। সংকট মোকাবিলায় আগামী সোমবার থেকে তারাও মজুদ তেল সরবরাহ শুরু করবে।

এদিকে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না। যুক্তরাষ্ট্রইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগত এই জলপথটি বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জাহাজকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

এদিকে বুধবার ওমান উপকূলে একটি থাই পতাকাবাহী জাহাজসহ তিনটি জাহাজে প্রজেক্টাইল হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিশ্চিয়ান বুয়েগার আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে ইউরোপ বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে।

অন্যদিকে জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ বিপদ’ হিসেবে উল্লেখ করে বলেন, এই অচলাবস্থার কারণে সাব-সাহারা আফ্রিকার মতো অঞ্চলে জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। মানবিক সহায়তার স্বার্থে এই জলপথ দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।