শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

মেহেরপুরের গাংনীতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক মামলার আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ ওরফে ‘পিচ্চি হোসেন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হোসেন আলী পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে দুটি হত্যা, দুটি বিস্ফোরক, একটি বিশেষ ক্ষমতা আইন ও একটি অস্ত্র আইনের মামলাসহ মোট সাতটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন হোসেন আলী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, গাংনীর বিভিন্ন এলাকায় এর আগে উদ্ধার হওয়া পরিত্যক্ত ককটেলসদৃশ বস্তুর বিষয়ে তদন্ত করতে গিয়ে হোসেন আলীর নাম ও সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পায় পুলিশ।

পরে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর হোসেন আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেখিয়ে দেওয়া একটি স্থান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ককটেল দুটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।