শিরোনাম:
আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

ফাইল ছবি
২০ আগস্ট ২০২৬, ১০:৩৮
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের সবার বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। তারা স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিল।
নিহত ওজাইফার বাবার নাম আল আমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব।
যেভাবে ঘটল মর্মান্তিক ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশে পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।
সন্ধ্যায় উদ্ধার করে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল। চারজনকেই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
একে অপরকে বাঁচাতে গিয়ে ডুবে যাওয়ার ধারণা
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুরা পুকুরপাড়ে খেলতে গিয়েছিল। এ সময় তাদের একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্যরাও পানিতে ডুবে যায়।
তিনি বলেন, নিহত শিশুদের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণিতে পড়ত এবং সে-ই সবার বড়। পুকুর থেকে মরদেহ উদ্ধারের সময় বড় শিশুটির পা ধরে থাকা অবস্থায় দুই শিশুকে দেখা গেছে।
ওসি আরও বলেন, উদ্ধারের পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, একে একে শিশুরা পানিতে তলিয়ে যাওয়ার পর বড় শিশুটি তাদের উদ্ধার করতে পানিতে নামে। কিন্তু দুই শিশু তার পা ধরে রাখায় সেও পানিতে তলিয়ে যায়। এভাবেই চার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।









