বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাঙামাটি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকেলে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত প্রকাশ করেন।

এর আগে ৫ মার্চ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা এবং ৯ মার্চ জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির ৮৭ জন নেতা একযোগে পদত্যাগ করেছিলেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে বিপিন জ্যোতি চাকমা নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দলকে শক্তিশালী করা, নতুন রাজনৈতিক ধারা গড়ে তোলা এবং পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তবে সাংগঠনিক পর্যায়ে ধারাবাহিক অসহযোগিতা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয় ও সক্রিয়তার ঘাটতি এবং কিছু কেন্দ্রীয় নেতার প্ররোচনায় দলের ভেতরে সমান্তরালভাবে বিভিন্ন দল ও উপদল গড়ে উঠায় দলের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে তিনি চিন্তা-ভাবনা করে দলীয় সব কার্যক্রম ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, শিগগিরই কেন্দ্রীয় কমিটিতে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানো হবে। তবে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি থাকবেন।

রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব এম শোয়াইব জানান, পদত্যাগের ঘোষণা এসেছে, তবে কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র এখনও পাঠানো হয়নি। তাই বিপিন জ্যোতি চাকমা এখনো স্বপদে বহাল আছেন। পরবর্তী পদক্ষেপ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।