শিরোনাম:
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, মোটরসাইকেল চালক আটক

ফাইল ছবি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩
নিউজ ডেস্ক
ফার্মগেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথে নিরাপত্তা ঘেরাটোপে প্রবেশের চেষ্টা
ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক মোটরসাইকেল চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেজগাঁও থানার ওসি জানান, প্রধানমন্ত্রীর আগমন এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে খামারবাড়ি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে জনসমাগমের কারণে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটমুখী সড়কের বাম পাশের লেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে ডান পাশের লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর খামারবাড়ি মোড় থেকে বন্ধ করে দেওয়া বাম পাশের লেনে ওই মোটরসাইকেল চালক প্রবেশের চেষ্টা করেন।
এ সময় সেখানে দায়িত্ব পালনরত এক সার্জেন্ট তাকে থামিয়ে দেন। পরে মোটরসাইকেলসহ ওই যুবককে তেজগাঁও থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি মনিরুজ্জামান।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেছেন, বাম পাশের লেনটি বন্ধ করে দেওয়ার বিষয়টি তিনি জানতেন না।
ওসি আরও জানান, ওই যুবকের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে জিজ্ঞাসাবাদসহ অন্যান্য বিষয় যাচাই-বাছাই শেষে ওই যুবকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।









