রামিসা হত্যায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
২১ মে ২০২৬, ০৫:১৬
নিউজ ডেস্ক
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের বক্তব্য হলো অপরাধ কমানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যা করণীয় তা করা। যেমন—মাদকবিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসবিরোধী অভিযান চলছে, যেন এই অপরাধগুলো কম হয়।”
তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধের পর আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা দায়িত্বে আসার পর এখন পর্যন্ত যতগুলো ক্রাইম হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই।”
তিনি আরও বলেন, “আমার কাছে সবগুলোর তালিকা আছে। যদি কোথাও ব্যর্থতা থেকে থাকে, আপনারা প্রশ্ন তুলতে পারবেন।”
রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, “রামিসার ব্যাপারেও ২৪ ঘণ্টার ভিতরে আসামি গ্রেপ্তার হয়েছে। রামিসা হত্যার প্রধান আসামি ও ধর্ষক, যার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রীসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের।”









