বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক বিরল সাদা (অ্যালবিনো) মহিষ এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু। নারায়ণগঞ্জের এক খামারে থাকা সোনালি চুলওয়ালা এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুলের মিল থাকায় এমন নাম দেওয়া হয়েছে। খবর এএফপির।

ঢাকার কাছের নারায়ণগঞ্জে খামারি জিয়া উদ্দিন মৃধার খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির মাথাভর্তি সোনালি চুলই তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন বলেন, “আমার ছোট ভাই মহিষটির বিরল চুল দেখে এই নাম দিয়েছে।”

মে মাসজুড়ে প্রতিদিন অসংখ্য মানুষ মহিষটিকে দেখতে খামারে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার শিশুরাও কৌতূহল নিয়ে দেখতে আসছে।

তারকা এই মহিষটির যত্নেও রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। দিনে চারবার গোসল করানো হয় তাকে। মাথায় পানি ঢেলে গোলাপি রঙের ব্রাশ দিয়ে যত্ন করে আঁচড়ে দেওয়া হয় তার সোনালি চুল।

জিয়া উদ্দিন মজা করে বলেন, “তার একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল করা।”

তবে তিনি স্পষ্ট করে জানান, ট্রাম্পের সঙ্গে এই মহিষের মিল শুধু চুলেই সীমাবদ্ধ।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। শরীরে মেলানিনের অভাবে এদের গায়ের রং সাদা বা হালকা গোলাপি হয়ে থাকে।

ঈদুল আজহাকে ঘিরে বাড়তি আগ্রহ

১৭ কোটি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি চলছে পুরোদমে। এ উৎসবে দেশজুড়ে প্রায় এক কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জিয়া উদ্দিন জানান, অতিরিক্ত ভিড় ও কোলাহলে মহিষটি কিছুটা ওজন হারিয়েছে। এজন্য এখন দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। তবুও শিশুরা খামারের গেটের ফাঁক দিয়ে উঁকি মেরে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার চেষ্টা করছে।

মহিষটি দেখতে আসা ব্যবসায়ী ফয়সাল আহমেদ বলেন, “সত্যি বলতে মহিষটির চেহারা আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিছুটা মিল আছে।”

তিনি আরও জানান, তার ভাতিজা শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে এক ঘণ্টার নৌযাত্রা করে এসেছে।

খামারের অন্য তারকারাও

এই খামারে শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ই নয়, আরও কয়েকটি মহিষের মজার নাম রয়েছে। একটি রাগী মহিষের নাম ‘তুফান’, বড় আকারের আরেকটির নাম ‘ফ্যাট বয়’ এবং শান্ত স্বভাবের একটি মহিষের নাম ‘সুইট বয়’।

এ ছাড়া সোনালি চুলওয়ালা আরেকটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের নামে।

গত এক বছর ধরে বিশেষ যত্নে মহিষটিকে লালন-পালন করা জিয়া উদ্দিন বলেন, “‘ডোনাল্ড ট্রাম্প’কে খুব মিস করব। কিন্তু ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ স্বীকার করা।”