বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে জনসাধারণের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (২০ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

নিরাপদ ভ্রমণে পুলিশের পরামর্শ

পুলিশ জানিয়েছে, ঈদে যারা বাড়ি যাবেন তারা যেন আগে থেকেই পর্যাপ্ত সময় নিয়ে যাত্রার পরিকল্পনা করেন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের অতিরিক্ত ভিড় এড়ানো সম্ভব হবে।

জীবনের ঝুঁকি নিয়ে বাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

চালকদের দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালকদের গাড়ি চালাতে না দেওয়ার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

হাইওয়েতে নসিমন, করিমন ও ভটভটির মতো ঝুঁকিপূর্ণ যানবাহনে চলাচল এবং ফিটনেসবিহীন বা মেয়াদোত্তীর্ণ যানবাহন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রেন ও নৌপথে বিশেষ সতর্কতা

ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপের বিষয়ে সতর্ক থাকতে এবং মালামাল নিজ দায়িত্বে সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানে ভ্রমণ না করার পরামর্শ দিয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা মোকাবিলায় নৌযানে লাইফ জ্যাকেট ও ১০০ থেকে ১৫০ ফুট দীর্ঘ দড়িসহ বয়া রাখার ব্যবস্থা থাকতে হবে। লঞ্চ ও ফেরিতে ওঠানামার সময়ও সতর্ক থাকতে বলা হয়েছে।

অজ্ঞান পার্টি ও প্রতারক চক্র সম্পর্কে সতর্কতা

যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে দ্রুত নিকটস্থ পুলিশকে জানানো বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করারও আহ্বান জানিয়েছে পুলিশ।

কুরবানির পশুর হাট ও পরিবহন সংক্রান্ত নির্দেশনা

পুলিশ জানিয়েছে, ট্রাক, লঞ্চ, নৌকা বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই করা যাবে না। মহাসড়ক বা রেললাইনের পাশে কুরবানির পশুর হাট বসানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পশুর হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করতে এবং কেউ অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করলে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পশুবাহী পরিবহনের সামনে গন্তব্যস্থল বা পশুর হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কুরবানির পশুবাহী গাড়ি পথে থামানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

চামড়া পাচার ও আর্থিক লেনদেনে সতর্কতা

সীমান্তবর্তী এলাকায় পশুর চামড়াবাহী যানবাহন সীমান্তমুখী হলে পাচারের আশঙ্কা থাকায় এ ধরনের সন্দেহজনক ঘটনা পুলিশকে জানাতে বলা হয়েছে।

পশুর হাটে বড় অঙ্কের অর্থ লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে এবং প্রয়োজনে পুলিশের ‘কারেন্সি এস্কর্ট’ সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাল টাকা শনাক্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিকাশ, রকেট, ইউক্যাশ ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেনের ক্ষেত্রে গোপন পিন নম্বর কারও সঙ্গে শেয়ার না করারও পরামর্শ দিয়েছে পুলিশ।

শপিংমলের নিরাপত্তা

শপিংমল ও মার্কেটে নিরাপত্তা জোরদারে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, র‍্যাব কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।