বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে প্রযুক্তি জায়ান্ট গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তর এবং সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ-২ সেন্টারে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ‘গুগল ফর এডুকেশন’-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন এবং সলিউশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অলি ট্রাসেল অংশ নেন।

এ সময় গুগলের কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির বহুমুখী ব্যবহারে গুগলের চলমান বৈশ্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বৈপ্লবিক ব্যবহারে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন দূরদর্শী পরিকল্পনা ও রোডম্যাপ গুগলের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।